শেডের অভাবে দেওয়ানগঞ্জের জিল বাংলা চিনিকলে নষ্ট হচ্ছে যানবাহন

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
শেডঘর না থাকায় জামালপুরের দেওয়ানগঞ্জের জিল বাংলা চিনিকলের কোটি টাকার যানবাহন খোলা আকাশের নিচেই পড়ে থাকছে। বছরের অধিকাংশ সময় অব্যবহৃত থাকায় এবং রোদ-বৃষ্টিতে ভিজে ট্রাক্টর ও ট্রলিগুলোতে মরিচা ধরে মূল্যবান এই সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে।
জিল বাংলা চিনিকলের ২৬টি আখ ক্রয় কেন্দ্র থেকে আখ পরিবহনের জন্য ৪টি ট্রাক, ৩৫টি ট্রাক্টর এবং ১৯০টি ট্রলি রয়েছে, যার মোট মূল্য কোটি টাকারও বেশি। আখ মাড়াইয়ের মৌসুমে দুই-তিন মাস এগুলো ব্যবহৃত হলেও বছরের বাকি ৮-৯ মাস এগুলো খোলা স্থানেই ফেলে রাখা হয়। সরেজমিনে দেখা যায়, মিলের ভেতরে ও গ্যারেজের সামনে ফেলে রাখা বেশিরভাগ ট্রাক্টর ও ট্রলিতে মরিচা ধরেছে এবং আগাছা জন্মেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানান, যানবাহনগুলো সুরক্ষিত রাখার জন্য একটি শেড নির্মাণ করা জরুরি। তা না হলে এগুলোর স্থায়িত্ব দিন দিন কমে যাবে। সচেতন নাগরিক মহসিন রেজার মতে, “রাষ্ট্রীয় এই সম্পদগুলো এভাবে নষ্ট না করে একটি স্থায়ী শেড নির্মাণ করা হলে এগুলো নিরাপদ থাকত।”
তবে পরিবহন প্রকৌশল শাখার ব্যবস্থাপক লিটন চন্দ্র দেবনাথ শেডঘর না থাকার কথা স্বীকার করে বলেন, “যানবাহনগুলো খোলা জায়গায় থাকলেও আমরা নিয়মিত তদারকি করি।”
অন্যদিকে, মিলটির ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম বলেন, “শেডঘর করার মতো চিনিকলের পর্যাপ্ত জায়গা নেই। এভাবেই সব মিলের যানবাহন রাখা হয়।”
