মাইক্রোসফটের কোপাইলটে অ্যানিমেটেড মুখভঙ্গি
আহসান হাবীব।

কোপাইলটছবি: মাইক্রোসফট।
মাইক্রোসফট তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কোপাইলট চ্যাটবটে একটি নতুন সুবিধা যুক্ত করেছে, যার নাম পোর্ট্রেটস। এই সুবিধাটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা কোপাইলটের সঙ্গে কথোপকথনের সময় এর অ্যানিমেটেড মুখভঙ্গি ও স্বাভাবিক ভিজ্যুয়াল অভিব্যক্তি দেখতে পাবেন। এর ফলে বর্তমানে শুধুমাত্র বার্তানির্ভর আলোচনার তুলনায় কোপাইলটের সঙ্গে আরও স্বচ্ছন্দ আলোচনা করা যাবে।
পোর্ট্রেটস সুবিধার বিবরণ
- মানব চরিত্র: মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, পোর্ট্রেটস সুবিধায় ৪০ ধরনের মানব চরিত্রের ছবি রয়েছে। এসব চরিত্র রিয়েল টাইম কথোপকথনে স্বাভাবিক ভঙ্গিমা ও মুখের অভিব্যক্তি প্রদর্শন করতে পারে।
- স্বাভাবিক কথোপকথন: ব্যবহারকারীরা একটি চরিত্র বেছে নিয়ে তার সঙ্গে মানানসই কণ্ঠ নির্বাচন করতে পারবেন। ফলে কথোপকথনটি বার্তানির্ভর আলোচনার তুলনায় অনেক বেশি স্বাভাবিক মনে হবে।
- ভিজ্যুয়াল অভিব্যক্তি: এটি তাৎক্ষণিকভাবে মুখভঙ্গি, মাথার নড়াচড়া ও ঠোঁটের স্বাভাবিক নড়াচড়া তৈরি করতে পারে। এর আগে চালু হওয়া কার্টুনধর্মী ‘কোপাইলট অ্যাপিয়ারেন্সেস’ থেকে এটি ভিন্ন, যেখানে মানুষের চেহারাভিত্তিক ভিজ্যুয়াল অভিব্যক্তিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
মাইক্রোসফট এআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তাফা সুলেইমান জানিয়েছেন, অনেক ব্যবহারকারীর প্রতিক্রিয়ার ভিত্তিতেই এই নতুন সুবিধাটি চালু করা হয়েছে, কারণ তারা কণ্ঠ ব্যবহার করে আলোচনার সময় চ্যাটবটের মুখভঙ্গি দেখলে স্বস্তি বোধ করেন।
সুবিধাটি এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে পোর্ট্রেটস সুবিধাটি আপাতত সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এটি ব্যবহারের জন্য ব্যবহারকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে এবং দৈনিক ও সেশনভিত্তিক ব্যবহারসীমা মেনে চলতে হবে।
