ময়মনসিংহে তারুণ্যের উৎসবে চাকরি মেলা: নিয়োগ পেলেন ৫০ জন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

দেশের তরুণ প্রজন্মের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ময়মনসিংহে দিনব্যাপী এক বর্ণাঢ্য চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষ্যে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে বুধবার (২৪ ডিসেম্বর) ইনস্টিটিউট হোস্টেল মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধন ও অতিথিবৃন্দ

সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী (এনডিসি)। পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. কেপায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (উপসচিব) সেঁজুতি ধর এবং এসেট (ASSET) প্রকল্পের উপপ্রকল্প পরিচালক প্রকৌশলী রবীন্দ্রনাথ মাহাত। স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ মো. শওকত হোসেন।

বিভাগীয় কমিশনারের বক্তব্য

প্রধান অতিথির বক্তব্যে ফারাহ শাম্মী বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বের চাহিদ অনুযায়ী নিজেকে দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তোলার বিকল্প নেই। কারিগরি শিক্ষাই তরুণদের আত্মনির্ভরশীল করে তোলার প্রধান হাতিয়ার।” তিনি আরও বলেন, প্রযুক্তিতে দক্ষ জনবল তৈরি করতে পারলে বিদেশি কর্মীদের ওপর আমাদের নির্ভরশীলতা কমবে। শিল্প-কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলে বাস্তবমুখী দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান জানান তিনি।

চাকরির সুযোগ ও নিয়োগ

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ‘এসেট’ প্রকল্পের অর্থায়নে এবং বিশ্বব্যাংকের সহযোগিতায় আয়োজিত এই মেলায় দেশের বিভিন্ন নামী-দামি শিল্পপ্রতিষ্ঠান ও কারখানার মোট ৩৫টি স্টল অংশ নেয়। মেলা চলাকালীন সরাসরি সাক্ষাৎকার (ভাইভা) শেষে তাৎক্ষণিকভাবে ৫০ জন চাকরিপ্রত্যাশীর জীবনবৃত্তান্ত পর্যালোচনা করে নিয়োগপত্র প্রদান করা হয়। এছাড়া মেলায় আসা হাজারো তরুণ-তরুণীকে ক্যারিয়ার গাইডলাইন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক পরামর্শ দেওয়া হয়।

আয়োজকদের প্রত্যাশা

আয়োজক কমিটি জানায়, এ ধরনের চাকরি মেলা তরুণদের সরাসরি শিল্প মালিকদের সঙ্গে সেতুবন্ধন তৈরি করে দিচ্ছে। এর মাধ্যমে দক্ষ জনবল যেমন সহজেই কাজ পাচ্ছে, তেমনি শিল্প প্রতিষ্ঠানগুলোও যোগ্য কর্মী খুঁজে নিতে পারছে। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পদচারণায় মুখরিত ছিল পলিটেকনিক প্রাঙ্গণ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *