ময়মনসিংহে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত; জীবনকে ভালোবেসে মাদক থেকে দূরে থাকার আহ্বান

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি

“জীবনকে ভালোবাসুন – মাদক থেকে দূরে থাকুন” এই যুগোপযোগী ও তাৎপর্যপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে অত্যন্ত গুরুত্বের সাথে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২৬ জুন) সকালে ময়মনসিংহ নগরীর জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​ময়মনসিংহ জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ময়মনসিংহ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসের সূচনা

​আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হওয়ার আগে সকালের দিকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মাদকবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুনসহ নগরীর গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। র‍্যালিতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং মাদক নিরাময় কেন্দ্রের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।

মাদক প্রতিরোধে প্রধান অতিথির কড়া বার্তা

​ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধংসের মুখে ঠেলে দেয়। মাদকের এই মরণছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক ও পারিবারিক সচেতনতা তৈরি করা সবচেয়ে জরুরি। তিনি সবাইকে জীবনকে ভালোবাসার এবং মাদককে শক্ত হাতে ‘না’ বলার আহ্বান জানান।

বক্তব্য ও মুক্ত আলোচনা

​অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য পেশ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন। এরপর মূল আলোচক হিসেবে মাদকের ক্ষতিকর দিক ও পাচার রোধের কৌশল নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজল

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন:

  • আবু বক্কর সিদ্দিক, অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ।
  • মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার, ময়মনসিংহ।
  • মো. আসাদুজ্জামান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), ময়মনসিংহ।

পুরস্কার বিতরণী ও উপস্থিতি

​আলোচনা পর্ব শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র তুলে দেন বিভাগীয় কমিশনারসহ উপস্থিত অতিথিবৃন্দ।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল সালাম, পারাপার মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আমিনুল ইসলাম খোকনসহ স্থানীয় বিভিন্ন মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসার তাগিদ দেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *