বিরোধপূর্ণ জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ
আনিছুর রহমান আইয়ুব, মাদারগঞ্জ (জামালপুর), প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৭নং সিধুলী ইউনিয়নের বীরলোটাবর গ্রামে বিরোধপূর্ণ জমি জোরপূর্বক দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে সামছুল গংদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মামলা ও ভুক্তভোগীর দাবি
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, দলিলমূলে নিজেদের মালিকানাধীন প্রায় ৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে মমতাজ নামে এক ব্যক্তি বাদী হয়ে আদালতে ৪৮/২৬ নম্বর মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
নির্মাণকাজ ও স্থানীয়দের ভাষ্য
রোববার (৩ মে ২০২৬) সরেজমিনে গিয়ে দেখা যায়, আদালতের নিষেধাজ্ঞা বা মামলার তোয়াক্কা না করেই বিরোধপূর্ণ ওই জমিতে জোরপূর্বক পাকা স্থাপনা নির্মাণের কাজ চালানো হচ্ছে। স্থানীয়রা জানান, শ্রমিকরা দ্রুতগতিতে ভবনের কাঠামো দাঁড় করানোর চেষ্টা করছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আদালতের নির্দেশনা উপেক্ষা করে প্রভাবশালীরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালাচ্ছে। বিরোধ নিষ্পত্তির আগে এই নির্মাণকাজ বন্ধ করতে তাঁরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযুক্ত ও সচেতন মহলের প্রতিক্রিয়া
এ বিষয়ে অভিযুক্ত সামছুল গংদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের পাওয়া যায়নি। এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, বিচারাধীন জমিতে এভাবে নির্মাণকাজ চললে ভবিষ্যতে বড় ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
