বাঁশখালীতে বিএনপি-জামায়াত মুখোমুখি: অতিরিক্ত পুলিশ মোতায়েন
যুবদল নেতার ওপর হামলার জেরে উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

চট্রগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ফেসবুকে ঘোষণা দিয়ে মুখোমুখি অবস্থানে আসে বিএনপি ও জামায়াত সমর্থক নেতাকর্মীরা। দু’পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কায় বুধবার বিকেলে উপজেলার কাথরিয়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
যুবদল নেতা মোরশেদুল ইসলামের ওপর হামলার জের ধরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মাঝে এই তীব্র উত্তেজনা বিরাজ করে।
সংঘর্ষের আশঙ্কায় বাজারে অচলাবস্থা
জানা যায়, জামায়াতের নেতাকর্মীরা কাথরিয়া বাজারের পশ্চিম দিকে এবং বিএনপি নেতাকর্মীরা বাজারের পূর্ব দিকে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাঁশখালী থানা-পুলিশের একটি দল দুই দলের মাঝখানে ব্যারিকেড দিয়ে অবস্থান নেয়। অবস্থা বেগতিক দেখে বাজারের ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে দোকানপাট বন্ধ করে দেন।
এর আগে, বেলা ৩টার দিকে যুবদল নেতা মোরশেদুল ইসলাম জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ এনে ফেসবুকে একটি পোস্ট দেন এবং বিএনপি নেতাকর্মীদের দ্রুত কাথরিয়া বাজারে আসার আহ্বান জানান। অন্যদিকে, জামায়াতের নেতাকর্মীরাও বাজারে জড়ো হতে শুরু করেন।
বিকেলের দিকে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে দু’পক্ষ সরে গেলেও এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো ধরনের সংঘাত বা সংঘর্ষ হয়নি। তিনি উভয় পক্ষকে শান্ত থাকতে এবং আইন নিজের হাতে তুলে না নিতে আহ্বান জানিয়েছেন।
