নয় বছরের আইনি লড়াইয়ে মুক্তি, ক্ষতিপূরণের অপেক্ষায় ইলিয়াস

​মনজুরুল হক, শেরপুর প্রতিনিধি

মাত্র ২০ বছর বয়সে নিখোঁজ হয়েছিলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পূর্ব মানিককুড়া গ্রামের ইলিয়াস আহমেদ। পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে তাঁকে ৮৮ দিন গোপন স্থানে আটকে রাখা হয়। পরে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। দীর্ঘ ৮০৮ দিন কারাভোগ এবং প্রায় নয় বছরের আইনি লড়াই শেষে আদালত থেকে সব অভিযোগে খালাস পেয়েছেন তিনি। তবে আইনি মুক্তি মিললেও এখনো পাননি কোনো রাষ্ট্রীয় ক্ষতিপূরণ বা পুনর্বাসন।

​গুম ও কারাবাসের পটভূমি

​আমির আলীর ছেলে ইলিয়াস গাজীপুরে একটি গার্মেন্টসের মানবসম্পদ বিভাগে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী, ২০১৭ সালের ৪ মার্চ গাজীপুরের বাংলাবাজার এলাকা থেকে তাঁকে তুলে নেওয়া হয়। টানা ৮৮ দিন নিখোঁজ থাকার পর ৩১ মে তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তী সময়ে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের মামলায় তাঁকে ৮০৮ দিন কারাগারে থাকতে হয়। ২০১৯ সালের ৬ আগস্ট উচ্চ আদালত থেকে জামিন পেলেও মামলার ঘানি টানতে হয় দীর্ঘদিন।

​খালাস ও গুম কমিশনে তালিকাভুক্তি

​অবশেষে ২০২৬ সালের ২৬ এপ্রিল বিচারিক আদালত তাঁকে সব অভিযোগ থেকে খালাস দেন। পাশাপাশি গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে তাঁর অভিযোগ যাচাই-বাছাই শেষে তালিকাভুক্ত হয়েছে (স্মারক নম্বর: গু.ক.ই-২.২০২৪-১০৫৭, ক্রমিক: ৩৯১, রেজিস্ট্রেশন নম্বর: ১৮৩৪)।

​চার দফা দাবি ও প্রত্যাশা

​গুম ও কারাবাসে শিক্ষাজীবন ও কর্মজীবন ধ্বংস হওয়ার পাশাপাশি মামলা চালাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে ইলিয়াসের পরিবার। স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছেন তিনি—নির্দোষ ঘোষণার রাষ্ট্রীয় স্বীকৃতি ও সামাজিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার, উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ এবং সম্মানজনক কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসন।

Leave a Comment