মাঠে থাকলে গুলি থামালেন না কেন, আর না থাকলে সাক্ষী হলেন কীভাবে? নির্দেশদাতা কি সাক্ষী হতে পারে?

(বিশেষ অনুসন্ধানী ধারাবাহিক: ১ম পর্ব)

শেখ মেহেদী হাসান নাদিম

প্রতিকী ছবি।

যদি ঘটনাস্থলে উপস্থিত না থাকেন, তবে তিনি কি সেই ঘটনার ‘সাক্ষী’ হতে পারেন? পারেন না। — রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় নিজেকে সাক্ষী দাবি করার মাধ্যমে যিনি ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা পরোক্ষভাবে স্বীকার করে নিলেন, তিনি বর্তমানে ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দিকী। বাংলাদেশ পুলিশের ২১তম ব্যাচের বিসিএস ক্যাডার কর্মকর্তা হিসেবে তিনি ২০২৩ সালেই পদোন্নতিপ্রাপ্ত হয়ে অতিরিক্ত ডিআইজি হয়ে সিটি এসবির এসপি পদে দায়িত্বরত ছিলেন। এবং তার এখতিয়ারভুক্ত দ্বায়িত্ব হিসেবে ২০২৪ সালে জুলাই আন্দোলনে পুলিশ কর্তৃক নিরীহ ছাত্র-জনতার ওপর হামলার ঘটনাটি বৈধতা দিতে গিয়ে ৬১ রাউন্ড তাজা গুলিবর্ষণকে “যুক্তিসংগত ছিল” বলে রায় দিয়ে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

নির্দেশদাতা কি সাধারণ দর্শকের মতো সাক্ষী হতে পারেন?

দেশের জন্য নিজের জীবন দিয়ে ইতিহাস রচনাকারী আবু সাইদ যখন দুহাত পেতে শর্টগান, রাইফেলের সামনে দাড়িয়ে ছিলেন, তখন সেখানে উপস্থিত থাকা অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন উচ্চপদস্থ কর্মকর্তা কি সাধারণ দর্শকের মতো হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকা ‘সাক্ষী’ হতে পারেন? কখনোই না! কারণ অতিরিক্ত ডিআইজি হলেন ‘নির্দেশদাতা’—তাঁর মুখের কথাতেই হয় গুলি চলে (‘ফায়ার’), নয়তো গুলি থামে (‘স্টপ ফায়ার’)।

বিপরীতধর্মী বক্তব্য ও ভাইয়ের নাম ঢুকিয়ে দেওয়ার দাবি

বর্তমানে ময়মনসিংহ রেঞ্জে কর্মরত অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক। ২০২৫ সালের ১১ই নভেম্বরে ময়মনসিংহ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব এবং কর্মীগণ সাংবাদিক শেখ মেহেদী হাসান নাদিমকে সাথে নিয়ে গিয়ে রেকর্ডকৃত সাক্ষাৎকার গ্রহণ করেন; সেদিন তিনি বলেছিলেন, “আমি কেন ফ্যাসিস্ট হতে যাব? আমি তো আজ বাদে কালই যাচ্ছি এই হত্যা মামলায় সাক্ষী দিতে!” এমন বিপরীতধর্মী বক্তব্যের যথার্থতা জানতে চাইলে তিনি বলেন, “আমার আপন সহোদর বেগম রোকেয়াতে চাকরি করেন, তিনিই কীভাবে সাক্ষী হিসেবে নাম ঢুকিয়ে দিয়েছে”।

প্রথম আলোর কাছে দাবি ও ‘মনে নেই’ উত্তর

ঠিক দুমাস পর তিনি প্রথম আলো-র কাছেও অত্যন্ত গর্বিতভাবে দাবি করেন—তিনিই আবু সাঈদ হত্যা মামলার ‘১৬ নম্বর সাক্ষী’ এবং সেদিন তিনি গুলিবর্ষণে কীভাবে যেন বাধা দিয়েছিলেন, যা এখন তাঁর “মনে নেই”! ৬১ রাউন্ড তাজা গুলিবর্ষণ কি “যুক্তিসংগত ছিল”? প্রথম আলোর এমন ধারালো প্রশ্নের মুখে তিনি বলেন— “সে তো অনেক আগের কথা, কী যে লিখেছিলাম, মনে নেই!”

ট্রাইব্যুনালের কাঠগড়ায় ১৬ নম্বর সাক্ষী ছিলেন ‘নায়েক’ আবু বকর সিদ্দিক

যিনি ১১ই নভেম্বর ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে বসে বললেন, “আজ বাদে কালই যাচ্ছি এই হত্যা মামলায় সাক্ষী দিতে”— তার ঠিক দুই দিন পর, ১৩ই নভেম্বর ২০২৫ তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়ায় ১৬ নম্বর সাক্ষী হিসেবে যিনি দাঁড়ালেন, তিনি কোনো অতিরিক্ত ডিআইজি বা বিসিএস কর্মকর্তা নন; তিনি হলেন সাধারণ এক ‘পুলিশের নায়েক আবু বকর সিদ্দিক’।

একদিকে ফরেনসিক চিকিৎসক ডা. রাজিবুল ইসলামকে উপাধ্যক্ষের কক্ষে আটকে রেখে ময়নাতদন্ত প্রতিবেদন পাঁচবার বদলাতে চাপ ও বিদেশ ভ্রমণের ফোর্স টোপ দেওয়া। আর অন্যদিকে একজন নিরীহ ‘নায়েক’-এর নামের আড়ালে নিজেকে স্বাক্ষী প্রতীয়মান করার এই মহৎ প্রচেষ্টার পিছনে ঠিক কি উদ্দেশ্য থাকতে পারে তা জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে!

Leave a Comment