দখল ও আবর্জনার স্তূপে ঝিনাইগাতীর ঐতিহ্যবাহী মহারশি নদী বিলুপ্তির পথে

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার উপর দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী মহারশি নদী এখন অস্তিত্ব সংকটে। নাব্যতা হারিয়ে ফেলা নদীটি বর্তমানে দখল ও আবর্জনার স্তূপে পরিণত হওয়ায় বিলীন হতে বসেছে। এর ভয়াবহ ফলস্বরূপ, বিগত তিন বছর ধরে বর্ষা মৌসুমে স্থানীয় মানুষের ভিটেমাটি গ্রাস করে নিচ্ছে রাক্ষসী বন্যা।

এক সময় এই মহারশি নদীর স্রোতের পানিতে নৌকা ও ট্রলার চলাচল করত এবং দেশের বিভিন্ন স্থান থেকে মালামাল আনয়ন করা হতো। কিন্তু কালের বিবর্তনে একশ্রেণির মানুষ নদীর জায়গা মাটি ভরাট ও আবর্জনার স্তূপ তৈরি করে দখল করে নিচ্ছে।

উপজেলাবাসীর ভোগান্তি

নদীর জায়গা দখল হয়ে যাওয়ায় এবং নাব্যতা হারানোর ফলে বর্ষার মৌসুমে নদীর পানি ঠিকমতো নিস্কাশন হতে পারছে না। এর ফলে নদীর মাটির বাঁধ ভেঙে পানি প্রবেশ করে শত শত হেক্টর আবাদি জমি, জানমালসহ ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, মহারশি সেতুর উত্তর ও দক্ষিণে নদীর অর্ধেক জায়গা ভরাট হয়ে গেছে। এই প্রতিবন্ধকতার কারণেই বারবার বন্যার কবলে পড়তে হচ্ছে উপজেলাবাসীকে।

দাবি ও প্রশাসনের আশ্বাস

বন্যার কবল থেকে রক্ষা পেতে ভুক্তভোগীরা নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য নদী খনন, দখলমুক্তকরণ, আবর্জনা ফেলা বন্ধ এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করে সঠিক উপায়ে পানি নিস্কাশনের ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল আলম রাসেল জানান, জেলার সভায় এই বিষয়ে জানানো হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যথা সময়ে ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরও বলেন, নদীটির দখলমুক্ত করতে উপর মহলে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *