ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা সামগ্রী অপসারণে নির্বাচন কমিশনের কঠোর নির্দেশনা
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকায় শৃঙ্খলা ও স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যেই সম্ভাব্য সকল প্রার্থীকেই নিজ উদ্যোগে এবং নিজ ব্যয়ে নির্বাচনী এলাকার সকল ধরনের প্রচারণা সামগ্রী অপসারণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী আচরণবিধি অনুসরণ নিশ্চিত করতে এবং অনিয়ম প্রতিরোধে এই নির্দেশনা কঠোরভাবে পালন করা আবশ্যক। বিভিন্ন স্থানে ঝুলানো পোস্টার, ব্যানার, ফেস্টুন, দেয়াল লিখনসহ যেকোনো প্রকার প্রচারণা সামগ্রী এই নির্দেশনার আওতাভুক্ত।
উপজেলা প্রশাসন জানায়, নির্ধারিত সময়ের মধ্যে সামগ্রী অপসারণ না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি এ বিষয়ে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জনসাধারণ ও সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে ইউএনও কার্যালয় সকলের সহযোগিতা কামনা করেছে। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখতে এই নির্দেশনা দ্রুত কার্যকর করার গুরুত্বও তুলে ধরা হয়।
