তাসকিন কি জানেন, এশিয়া কাপে তিনিই বাংলাদেশের সেরা ব্যাটসম্যান

তাসকিন আহমেদ। এএফপি
খেলা ডেস্ক
আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৪৭
শিরোনাম দেখে হাসবেন না! এখানে মোটেই হেঁয়ালিপনা করা হয়নি কিংবা পাঠককে বিভ্রান্ত করার চেষ্টাও নেই। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বর্তমান বাংলাদেশ দলে পেসার তাসকিন আহমেদই সেরা ব্যাটসম্যান।
কোনো সিরিজ বা টুর্নামেন্টে কে সেরা ব্যাটসম্যান, তা যাচাইয়ের মাপকাঠি কী? সেই সিরিজ বা টুর্নামেন্টে কার রান সবচেয়ে বেশি—এটাই তো! কোনো বিশেষ ইনিংস বা ধারাবাহিক ক্যামিও কাউকে সেরা বানাতে পারে, তবে সেটা ব্যতিক্রম। যদি সর্বোচ্চ রানের হিসাবই বিবেচনা করা হয়, তাহলে এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে তাসকিনই বাংলাদেশের সেরা।
এশিয়া কাপ টি-টোয়েন্টি সংস্করণে হয়েছে দুবার। প্রথম ২০১৬ সালে, সর্বশেষ ২০২২ সালে। এই দুই আসরেই খেলেছেন তাসকিন। ৭ ম্যাচে ৩ ইনিংস ব্যাটিং করে তিনি তাতে করেছেন ২৭ রান। অবিশ্বাস্য মনে হলেও সত্য তাসকিনের এই রানই এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। এই দলে থাকা দ্বিতীয় সর্বোচ্চ রান অলরাউন্ডার মেহেদী হাসানের, তাঁর রান ১৫।

ছন্দে আছেন তাসকিন।
এএফপি
এমনিতে সব মিলিয়ে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ রান সাব্বির রহমানের। দুটি এশিয়া কাপে খেলা সাব্বির ৬ ম্যাচে করেছেন ১৮১ রান। এই সংস্করণের এশিয়া কাপে ২০১৬ সালে তাঁর খেলা ৮০ রানের ইনিংসটিই এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস।
