চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে দুজন নিহত, আহত ৬

মানুষের ভিড়ের মধ্যে খুলে যাওয়া জুতা সড়কে পড়ে রয়েছে। আজ দুপুরে নগরের মুরাদপুরে।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৫৫

​চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসের মিছিলে পদদলিত হয়ে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ শনিবার দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহত দুজন হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী (৬০) এবং নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৩)। আহত অবস্থায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

হাসপাতালের সামনে কান্নায় ভেঙে পড়েন মারা যাওয়া সাইফুলের দুই স্বজন। আজ দুপুরে।

আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিকেল টিমের সদস্যরা। টিমের সদস্য আমিনুর রহমান জানান, “মিছিলের প্রচণ্ড ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে কয়েকজন নিচে পড়ে যান। এ সময় ভিড়ের কারণে তাঁরা পদদলিত হন। আমরা আহত অবস্থায় আটজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি, যার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *