গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মেধাবী শিক্ষার্থী’র মর্মান্তিক মৃত্যু

মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইমুন (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তালতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাইমুন ওই এলাকার সারওয়ার ড্রাইভারের ছেলে এবং সে ফুলতলী দারুল কোরআন জামালিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সাইমুন গাছে উঠে ডাল কাটছিল। এ সময় কাটা একটি ডাল অসাবধানতাবশত পাশের বিদ্যুতের তারের ওপর পড়ে গেলে সাইমুন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
সাইমুনের অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, গাছের ডাল কাটতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলেটির মৃত্যু হয়েছে।
