খালেদা জিয়ার আসনে প্রার্থী না দিয়ে দৃষ্টান্ত স্থাপন করুন:নুরুল হক নুরের আহ্বান

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। আজ শনিবার বিকেলে দিনাজপুর শহরের ইনস্টিটিউট মাঠে।ছবি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ আসনে গণ অধিকার পরিষদ প্রার্থী দেবে না বলে ঘোষণা দিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদের সদস্যরা নিজ দলীয় ট্রাক প্রতীকে অংশ নেবে।

আজ শনিবার (৮ নভেম্বর) বিকেলে দিনাজপুর শহরের ইনস্টিটিউট মাঠে গণ অধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে ‘গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণ’–বিষয়ক গণসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার প্রতি সম্মান

নুরুল হক নুর জানান, দিনাজপুর তথা বাংলাদেশের মানুষের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া সম্ভবত এই আসন থেকে নির্বাচন করবেন। এ কারণে গণ অধিকার পরিষদ এ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করবে না।

দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন–সংগ্রামে বেগম খালেদা জিয়ার যে আপসহীন ভূমিকা ও ত্যাগ, সে কারণেই অন্যান্য দলের নেতাদের প্রতিও এখানে প্রার্থী না দেওয়ার আহ্বান জানান নুরুল হক।

তিনি বলেন:

“শুধু বেগম খালেদা জিয়া নন, জামায়াতের আমির, ইসলামী আন্দোলনের পীর সাহেবসহ যেসব জাতীয় নেতা গণ–অভ্যুত্থানপরবর্তী রাষ্ট্রসংস্কার ও আলাপ-আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন… আমরা মনে করি, সেই সমস্ত জাতীয় নেতাদের এলাকায় রাজনৈতিক দলগুলো প্রার্থী না দিয়ে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। এটা জাতীয় নেতৃত্বের প্রতি সম্মান ও শ্রদ্ধা দেখিয়ে করা উচিত।”

জুলাই সনদ ও নির্বাচনের প্রক্রিয়া

গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জুলাই গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রসংস্কার ও রাষ্ট্র পরিবর্তনের যে জন–আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটি নিয়ে যে জুলাই সনদ রচিত হয়েছে, সেখানে প্রতিটি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে।

তিনি আশা প্রকাশ করেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের একটি প্রক্রিয়া অনতিবিলম্বে সরকার ও রাজনৈতিক দলগুলো মিলে ঠিক করবে এবং তার মধ্য দিয়েই আগামীর নতুন বাংলাদেশ রচিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের দিনাজপুর জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম, হানিফ খান, কেন্দ্রীয় সদস্য কামাল হোসেন প্রমুখ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *