নাগেশ্বরী সীমান্তে ৩০ লক্ষ টাকার ভারতীয় প্যান্ট পিস জব্দ
মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে অভিযান চালিয়ে ৩০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় প্যান্ট পিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকাল ৭টার দিকে উপজেলার গাগলা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি’র অভিযান ও জব্দকৃত পণ্য
বিজিবি সূত্রে জানা গেছে, চোরাকারবারীদের একটি দল অবৈধভাবে ভারতীয় প্যান্ট পিসের বড় একটি চালান বাংলাদেশে আনার চেষ্টা করছে—এমন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টিম গাগলা বাজার এলাকায় অবস্থান নেয়।
অভিযান চলাকালে একটি ব্যাটারিচালিত অটোভ্যানে সন্দেহভাজন কয়েকজনকে আসতে দেখে বিজিবি থামার সংকেত দেয়। এসময় চোরাকারবারীরা ভ্যান ও মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১ হাজার ৫০০ মিটার ভারতীয় প্যান্ট পিস জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি অধিনায়কের বক্তব্য
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে বিজিবি সর্বদা আপসহীন। তিনি বলেন, “চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ঘটনায় জড়িত চোরাকারবারীদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
