মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন সম্ভাবনাময় স্থান পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান।
গতকাল রবিবার (১৫ নভেম্বর ২০২৬) বিকেলে পরিদর্শন শেষে উপজেলা হলরুমে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিদর্শন ও সম্ভাব্য প্রকল্পের প্রস্তাবনা
নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামানের পরিকল্পনায় ধনু নদীর তীরে রসুলপুর ফেরিঘাটে পর্যটন কেন্দ্র, উপজেলা সদরে শিশু পার্ক, সরকারি হোটেল ও রেস্টহাউস নির্মাণের বিষয়ে সভায় আলোচনা করা হয়। স্বাগত বক্তব্যে ইউএনও অলিদুজ্জামান সম্ভাব্য স্থানগুলোর সচিত্র ও সমন্বিত লিখিত প্রস্তাবনা পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানের হাতে তুলে দেন।
সভাপতিত্ব ও অতিথিবৃন্দ
নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাসের সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী রঞ্জিত কুমার পালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. শামীমুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী।
এ ছাড়াও উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুর রউফ স্বাধীন, ওসি মো. নাসির উদ্দিন, এমপির ব্যক্তিগত সহকারী জহির আহমেদ জিকু, প্রেসক্লাব সদস্য সচিব সোহান বিন নবাবসহ প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
পর্যটন কেন্দ্র গড়ার আশ্বাস
প্রধান অতিথি মো. শামীমুজ্জামান খালিয়াজুরীকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন এবং এ কাজে সবার সহযোগিতা কামনা করেন। সবশেষে সভাপতি উপস্থিত সবার সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।