খালিয়াজুড়িতে মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিলেন ইউএনও
মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুড়ীতে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে মাসুদ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম এই দণ্ডাদেশ প্রদান করেন।
সাজাপ্রাপ্ত মাসুদ মিয়া উপজেলার চাকুয়া ইউনিয়নের রানিচাপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
অভিযান ও আটক
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে খালিয়াজুড়ি থানার এস আই মন্জুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল রানিচাপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে নিজ বাড়ি থেকে মাসুদ মিয়াকে আটক করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম ও খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
স্বীকারোক্তি ও দণ্ড প্রদান
আটককৃত মাসুদ মিয়া উপস্থিত জনগণের সামনে নিজের অপরাধ স্বীকার করলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাকে এক হাজার টাকা নগদ অর্থদণ্ড এবং ছয় মাসের কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
দীর্ঘদিনের অভিযোগ
খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন জানান, মাসুদ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। ইতিপূর্বে তার বিরুদ্ধে থানায় আরও দুটি মাদক মামলা রয়েছে। তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে যথাযথ পুলিশ পাহারায় ১৬ এপ্রিল সকালে তাকে নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হবে।
মাদক ও অপরাধ দমনে উপজেলা প্রশাসনের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
