ইউটিউব দেখে ‘এআই স্মার্ট কার’ তৈরি করে চমক দিলেন কলেজছাত্র

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উদ্ভাবনী চিন্তার এক অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন তরুণ শিক্ষার্থী রোয়ানুর রহমান রেজিম। ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ উপলক্ষে তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি ‘এআই স্মার্ট কার’ (AI Smart Car)।

স্মার্ট কারের বিশেষত্ব

ফুলবাড়ী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র রেজিমের তৈরি এই গাড়িটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটি সম্পূর্ণ চালক ছাড়াই চলতে পারে। অত্যাধুনিক সেন্সর ব্যবহারের ফলে সামনে নির্দিষ্ট দূরত্বে কোনো বাধা শনাক্ত করলেই গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে থেমে যায়। এছাড়া এটি ট্রাফিক সিগন্যাল শনাক্ত করতেও সক্ষম; লাল সিগন্যাল দেখলে থেমে যাওয়া এবং সবুজ সিগন্যাল পেলে পুনরায় চলা শুরু করার প্রযুক্তি এতে যুক্ত করা হয়েছে।

উদ্ভাবকের ভাবনা

তরুণ উদ্ভাবক রোয়ানুর রহমান রেজিম জানান, আধুনিক প্রযুক্তির প্রতি গভীর আগ্রহ থেকেই তিনি এই প্রজেক্টে হাত দেন। ইউটিউবে উন্নত দেশগুলোর আধুনিক প্রযুক্তির ভিডিও দেখে এবং চায়নার উদ্ভাবনগুলোর প্রতি লক্ষ্য রেখে তিনি এটি তৈরি করেছেন। ভবিষ্যতে আরও উন্নত রোবটিক্স ও এআই প্রযুক্তি নিয়ে কাজ করার স্বপ্ন দেখেন তিনি।

বিস্মিত দর্শনার্থী ও শিক্ষক সমাজ

মেলায় আসা দর্শনার্থীরা এই স্মার্ট কার দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন। একজন দর্শনার্থী বলেন, “উপজেলা পর্যায়ের মেলায় এমন অত্যাধুনিক প্রযুক্তি এর আগে কখনো দেখিনি। রেজিমের কাজ সত্যিই আমাদের মুগ্ধ করেছে।”

ফুলবাড়ী ডিগ্রী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আসাদুজ্জামান আজাদ বলেন, “রেজিম যখন আমাকে এই প্রজেক্টের কথা জানায়, আমি তাকে উৎসাহ দেই। সে যে চালকবিহীন গাড়িটি তৈরি করেছে তা অত্যন্ত সময়োপযোগী। এ ধরনের ব্যয়বহুল ও উদ্ভাবনী কাজে সরকার যদি কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা প্রদান করে, তবে এই তরুণরা দেশের জন্য বড় সাফল্য বয়ে আনবে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, রেজিমের এই উদ্ভাবন তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *