কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
নদীভাঙনে ঘর হারানো গৃহহীন পরিবারের শোকের ছায়া

মোহাম্মদ উল্যা
নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাংচিল আবাসনে এই শোকাবহ ঘটনা ঘটে। নিহতরা হলো মো. মাসুম (৮) ও মো. মারুফ (৭)। তারা একই ওয়ার্ডের মো. মাসুদের ছেলে।
যেভাবে ঘটনা ঘটল
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুই শিশুর পরিবার গৃহহীন। কয়েক মাস আগে নদীভাঙনে তাদের আশ্রয়ণের ঘর নদীতে বিলীন হয়ে যায়। এরপর তাদের পরিবার রাস্তার পাশে ছাপরা ঘর করে বসবাস করছিল।
দুপুরে সোয়া ২টার দিকে দুই ভাই বাড়ির পাশে মসজিদের পুকুরে গোসল করতে যায়। পরিবারের সদস্যরা তখন গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। সবার অগোচরেই দুই শিশু পুকুরের পানিতে ডুবে যায়।
পরে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং পুকুরে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করেন। তাৎক্ষণিক তাদের স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।
দুই শিশুর মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
