
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের সাতটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে গরু-ছাগল, আসবাবপত্র ও পোশাকসহ ঘরের সব মালামাল পুড়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারগুলো। বর্তমানে শিশুসহ পরিবারের ১৫ জন সদস্য খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের উত্তর সাদুয়া দামারহাট গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তিনটি বসতঘর, তিনটি রান্নাঘর ও একটি গোয়ালঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ইউনুস আলী জানান, রাত ১টার দিকে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। বিদ্যুৎ সংযোগ চালু থাকায় মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। উপজেলা সদর থেকে ঘটনাস্থল দূরে হওয়ায় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
ভুক্তভোগী পরিবারগুলোর সব সদস্যই দিনমজুর। বাড়ির ভিটেমাটি ছাড়া তাদের আর কোনো সম্বল অবশিষ্ট নেই। সরেজমিনে দেখা যায়, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবারগুলোর সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
এ বিষয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ বলেন, দুপুর ২টার পর ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন দৈনিক ‘বায়ান্নর আলো’র প্রকাশক, সাফা গ্রুপের চেয়ারম্যান ও উলিপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুস সোবহান। তিনি ঘটনাস্থলে গিয়ে পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের হাতে নগদ অর্থ ও কম্বল তুলে দেন। পাশাপাশি ভবিষ্যতেও সাধ্যমতো সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।