আসন সমঝোতা আলোচনার মধ্যে ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।ফাইল ছবি

নির্বাচনী আসন সমঝোতা নিয়ে আলোচনার মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হচ্ছেন।

আজ রোববার (৯ নভেম্বর) বিকেলে এই আসনের ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক।

সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় বলা হয়, উপদেষ্টা আসিফ মাহমুদ বেলা ৩টায় ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে উপস্থিত থাকবেন। তিনি ধানমন্ডি থানার ভোটার হবেন।

গুঞ্জন আরও জোরালো

  • ঢাকা-১০ আসনের গুরুত্ব: ঢাকা-১০ নির্বাচনী আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। বিএনপি এই আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি। তবে জামায়াতে ইসলামী এই আসনে প্রার্থী ঘোষণা করেছে (সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকার)।
  • আগের গুঞ্জন: এর আগে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৩ আসনের ভোটার ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ওই আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন—এমন আলোচনাও শোনা গিয়েছিল। সম্প্রতি গুঞ্জন তৈরি হয়, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ।
  • পাকাপোক্ত গুঞ্জন: বিএনপি এই আসনে প্রার্থী ঘোষণা না করায় গুঞ্জন আরও জোরালো হয়। এখন আসিফ মাহমুদের এই আসনের ভোটার হতে যাওয়ার মধ্য দিয়ে গুঞ্জনটি আরও পাকাপোক্ত হচ্ছে।

আসিফ মাহমুদের রাজনৈতিক পরিচয়

জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অভ্যুত্থানের সর্বশেষ কর্মসূচি ৬ আগস্টের পরিবর্তে ৫ আগস্টে আনার বিষয়টি তিনিই ফেসবুকে পোস্ট করেছিলেন। তিনি ছাত্র অধিকার পরিষদের একটি অংশের উদ্যোগে গঠিত গণতান্ত্রিক ছাত্রশক্তির অন্যতম উদ্যোক্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন। জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতাদের অধিকাংশই ছিলেন এই ছাত্রশক্তির নেতা।

অন্তর্বর্তী সরকারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ। বর্তমানে তিনি বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পলিসি অ্যান্ড গভর্ন্যান্স বিষয়ে স্নাতকোত্তর করছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *