মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ছোট ফেনী নদীর ওপর ৬৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর কাজ দীর্ঘসূত্রতায় স্থবির হয়ে পড়ায় সরেজমিনে পরিদর্শন করেছেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বিকেলে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় গিয়ে সেতুটির কাজের বাস্তব অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।
মাত্র ৪ শতাংশ অগ্রগতি, ঠিকাদারের কার্যাদেশ বাতিল হচ্ছে
পরিদর্শনকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নোয়াখালী জেলা নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল সংসদ সদস্যকে জানান, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম ব্যর্থতা ও অপারগতায় সেতুর নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।
তিনি জানান, চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের অন্তত ৭৮ শতাংশ কাজ শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবে অগ্রগতি হয়েছে মাত্র ৪ শতাংশ। এমন পরিস্থিতিতে বর্তমান ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি ও কার্যাদেশ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নতুন ঠিকাদার নিয়োগের আইনগত প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।
সংসদ সদস্যের অসন্তোষ ও কড়া নির্দেশ
সেতু নির্মাণে এমন চরম অবহেলা ও ধীরগতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেন, “ছোট ফেনী নদীর ওপর এই সেতুটি নির্মিত হলে চরহাজারীসহ পুরো উপজেলার যাতায়াত ও স্থানীয় অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। কিন্তু ঠিকাদারের গাফিলতিতে হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।”
তিনি এলজিইডির দায়িত্বশীল কর্মকর্তাদের উদ্দেশ্যে নতুন ঠিকাদার নিয়োগের প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত শেষ করে অবিলম্বেই পুনর্নির্বাচনের মাধ্যমে সেতুর অসমাপ্ত কাজ শুরুর কড়া নির্দেশ দেন।
উপস্থিতিবৃন্দ
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী ওলিউর রহমান এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ।