১৭ বছর পর কাল দেশে ফিরছেন তারেক রহমান; ৩ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টার পর তিনি লন্ডনের কিংসটনের বাসভবন থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন। তাঁর সাথে সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও রয়েছেন।

হিথ্রো থেকে ঢাকার পথে

সূত্রমতে, বাংলাদেশ সময় আজ মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে (BG 202) তাঁর রওনা হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এদিকে তাঁর আগমন ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

সালাহউদ্দিন আহমদের সংবাদ সম্মেলন: ৩ দিনের কর্মসূচি

আজ দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ তারেক রহমানের তিন দিনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান:

  • ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার): বিমানবন্দরে অবতরণের পর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় আয়োজিত সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে উপস্থিত নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে যাবেন এবং গুলশানের বাসভবনে ফিরবেন।
  • ২৬ ডিসেম্বর (শুক্রবার): জুমার নামায শেষে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। এরপর সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
  • ২৭ ডিসেম্বর (শনিবার): এদিন তিনি জাতীয় পরিচয়পত্রের (NID) কাজ সম্পন্ন করবেন এবং ভোটার হওয়ার প্রক্রিয়া শুরু করবেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জুলাই বিপ্লবের শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত এবং পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যাওয়ার কথা রয়েছে।

নেতাকর্মীদের মাঝে সাজসাজ রব

তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত রাস্তা ও সংবর্ধনাস্থলে স্মরণকালের বিশাল জমায়েতের প্রস্তুতি নেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের এই ফেরা হবে ‘নতুন বাংলাদেশ’ গড়ার এক ঐতিহাসিক ভিত্তিপ্রস্তর।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *