স্কুলে লুকিয়ে চলছিল ভেজাল সেমাই কারখানা; মালিককে ৪০ হাজার টাকা জরিমানা

শাহ আলম, (ঘোড়াঘাট), দিনাজপুর

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অধিক মুনাফার লোভে দিনাজপুরের ঘোড়াঘাটে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে গড়ে তোলা অবৈধ ও ভেজাল সেমাই তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি সেমাই ও নকল সয়াবিন তেল জব্দসহ কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে অবৈধ কারবার

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ মার্চ) বিকেলে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ পাঁচমাথা মোড় এলাকার ‘আল-হেরা প্রি-ক্যাডেট স্কুল’-এর ভেতরে এই অভিযান পরিচালিত হয়। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওসার শেখ যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অস্বাস্থ্যকর পরিবেশ ও নামি কোম্পানির মোড়ক

অভিযান চলাকালে দেখা যায়, স্কুলের অভ্যন্তরে কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছিল। শুধু তাই নয়, বিভিন্ন নামি-দামি কোম্পানির মোড়ক ব্যবহার করে সয়াবিন তেলও বাজারজাত করার আলামত পাওয়া যায়। খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার আইনে স্কুলের পরিচালক ও কারখানার মালিক মোজাম্মেল হককে (৪০) ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর: মহাসড়ক দখল করে মালামাল রাখায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা

জব্দকৃত মালামাল ধ্বংস ও নিলাম

অভিযান শেষে জব্দকৃত সেমাই ও সয়াবিন তেল উপজেলা চত্বরে নিয়ে আসা হয়। সেখানে প্রশাসনের উপস্থিতিতে জব্দকৃত সেমাই ও খালি প্যাকেটগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অন্যদিকে, জব্দকৃত সয়াবিন তেল ও খালি বোতলগুলো উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে।

ঘোড়াঘাট উপজেলা প্রশাসন জানায়, রমজান ও ঈদকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের এমন অপতৎপরতা বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *