সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মফিজকে পদ থেকে অব্যাহতি

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক মফিজুল ইসলাম ভিপি মফিজকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১৮ জন শীর্ষ নেতাকে দল থেকে বহিষ্কারের পর এবার ভিপি মফিজের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিল নোয়াখালী জেলা বিএনপি।

অব্যাহতির আনুষ্ঠানিকতা

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। জেলা বিএনপির দফতর সম্পাদকের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট রবিউল হোসেন পলাশ স্বাক্ষরিত এক চিঠিতে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিতে সরাসরি নির্বাচনের কথা উল্লেখ না থাকলেও ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট কারণ’ দর্শানো হয়েছে।

ভিপি মফিজের পাল্টা চ্যালেঞ্জ

অব্যাহতির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মফিজুল ইসলাম ভিপি মফিজ গণমাধ্যমকে বলেন, “আমরা যার পক্ষে ভোট করছি, তিনিও বিএনপির লোক। কাজী মফিজুর রহমান দলীয় মনোনয়ন না পেলেও মাঠের পাল্লা তাঁর দিকেই ভারী। এই অপরাধে যদি অব্যাহতি দেওয়া হয়, তবে আমরা বলবো আলহামদুলিল্লাহ। দেখা যাক ভোটে কার জয় হয়।”

নির্বাচনী মাঠের সমীকরণ

উল্লেখ্য, নোয়াখালী-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন বিএনপির কেন্দ্রীয় নেতা জয়নুল আবদিন ফারুক। অন্যদিকে, কাঁচ-পিরিচ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী মফিজুর রহমান। একের পর এক নেতার অব্যাহতি ও বহিষ্কারের ঘটনায় সেনবাগের রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *