সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: প্রায় সাড়ে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সীমান্ত এলাকায় চোরাচালান রোধে পৃথক দুটি অভিযানে বড় সাফল্য পেয়েছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় স্বর্ণকাতান শাড়ি, প্যান্ট পিস এবং উন্নতমানের জিরা উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে চম্পট
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ মার্চ দুপুরে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানার শিংঝাড় বিওপির পশ্চিম শিংঝাড় এলাকা এবং নাগেশ্বরী থানার রামখানা বিওপির খড়েরমাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির টহল দলকে আসতে দেখে চোরাকারবারীরা মালামাল ভর্তি বস্তা ফেলে দ্রুত ভারতীয় সীমান্তের ভেতরে পালিয়ে যায়।
জব্দকৃত পণ্যের বিবরণ ও আনুমানিক মূল্য

পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০টি ভারতীয় স্বর্ণকাতান শাড়ি, ৪৮টি প্যান্ট পিস এবং ৮০ কেজি জিরা জব্দ করা হয়। বিজিবির দেওয়া তথ্যমতে, উদ্ধারকৃত এসব পণ্যের মোট আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ ৫৬ হাজার টাকা। এর মধ্যে শুধু শাড়িগুলোর মূল্য প্রায় ৮ লাখ টাকা এবং প্যান্ট পিসের মূল্য ৫ লাখ ৭৬ হাজার টাকা।
সতর্ক অবস্থানে বিজিবি
১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং সীমান্ত পথে অবৈধ পণ্য প্রবেশ বন্ধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকাগুলোতে আমাদের গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে।”
বর্তমানে চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও বিজিবি নিশ্চিত করেছে।
