সড়কের বেহাল দশা: হাঁটুসমান কাঁদায়ে চরম ভোগান্তি
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ঐতিহ্যবাহী জোড়গাছ হাটে যাওয়ার প্রধান সড়কটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটুসমান কাদা ও পানি জমে সৃষ্টি হচ্ছে মারাত্মক জনদুর্ভোগ, যার ফলে হাটে যাতায়াতকারী হাজারো মানুষ চরম বিপাকে পড়েছেন।
সরেজমিন চিত্র
সরেজমিনে জোড়গাছ হাট এলাকায় গিয়ে দেখা যায়, বর্ষা মৌসুম শুরুর আগেই সামান্য বৃষ্টিতে সড়কের বিভিন্ন অংশ কর্দমাক্ত হয়ে পড়েছে। হাটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বড় বড় গর্তে কাদা জমে থাকায় পথচারীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যানবাহন চলাচলেও সৃষ্টি হচ্ছে চরম বিঘ্ন, যা স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।

ভুক্তভোগীদের ক্ষোভ
কোটি টাকার বেশি ইজারাকৃত এই গুরুত্বপূর্ণ হাটের সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন পড়ে থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী। হাটে আসা ব্যবসায়ী মোঃ আব্দুল করিম জানান, সামনে কোরবানির ঈদকে ঘিরে বেচাকেনা বাড়বে, কিন্তু সড়কের এই অবস্থায় ক্রেতা-বিক্রেতারা হাটে আসতে ভয় পাচ্ছেন। কৃষক মাজেদুল ইসলাম আক্ষেপ করে বলেন, “কষ্টের ফসল হাটে আনতে গিয়ে কাঁদায় পড়ে নষ্ট হয়ে যায়, এতে আমাদের অনেক লোকসান গুনতে হচ্ছে।”
কর্তৃপক্ষের বক্তব্য
এ বিষয়ে রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম আঁশেক আঁকা জানান, সড়কটি এলজিইডির আওতাধীন হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া গেছে।
চিলমারী উপজেলা প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেন, “জোড়গাছ হাটের দুটি সড়কের প্রায় ১৫০ মিটার অংশের অবস্থা খুবই খারাপ। বিষয়টি ইউএনও মহোদয়ের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং দ্রুত স্থায়ী সমাধানের চেষ্টা চলছে।”
