শেরপুরে সব তথ্য এক ঠিকানায় পেতে চালু হলো ‘মাই নালিতাবাড়ী’ অ্যাপ ও ওয়েবসাইট

দৈনিক জাহান ডেস্ক

শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ীর ইতিহাস-ঐতিহ্য, দর্শনীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবার তথ্য একই প্ল্যাটফর্মে সহজে পৌঁছে দিতে চালু করা হয়েছে ‘মাই নালিতাবাড়ী’ (My Nalitabari) ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ।

​মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) নালিতাবাড়ী উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক।

​সিটিজেন ডাটাবেজ ও তথ্য যুক্ত করার সুযোগ

​‘মাই নালিতাবাড়ী’ অ্যাপ ও প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা রোকুনুজ্জামান সেলিম জানান, উপজেলার গুরুত্বপূর্ণ তথ্য এক ছাতার নিচে আনাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। অ্যাপ বা ওয়েবসাইটে লগইন করে স্থানীয় যে কেউ নতুন কোনো প্রয়োজনীয় তথ্য বা সেবা যুক্ত করার আবেদন করতে পারবেন। পরবর্তীতে প্ল্যাটফর্মের প্রশাসকের (Admin) যাচাই ও অনুমোদনের পর তথ্যগুলো সর্বসাধারণের জন্য প্রকাশ করা হবে।

​সহ-প্রতিষ্ঠাতা রুহুল আমিন জানান, এর মাধ্যমে নালিতাবাড়ীর শিক্ষার্থী, উদ্যোক্তা, গবেষক ও স্থানীয় বাসিন্দারা নিজেদের প্রয়োজনীয় জরুরি নম্বর ও সরকারি-বেসরকারি সেবার বিবরণ এক ক্লিকেই পেয়ে যাবেন।

​ডিজিটাল নালিতাবাড়ী ও পর্যটন সম্ভাবনা

​নালিতাবাড়ী উপজেলার ভৌগোলিক অবস্থান গারো পাহাড়ের পাদদেশে হওয়ার কারণে এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি পরিবেশ এবং মধুটিলা ইকোপার্কসহ বহু ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানের জন্য সুপরিচিত। ‘মাই নালিতাবাড়ী’ অ্যাপ চালুর ফলে পর্যটকদের জন্য তথ্য পাওয়ার মাধ্যম আরও সুগম হবে।

​অনুষ্ঠানে স্বাগত জানিয়ে ইউএনও মো. আব্দুল মালেক বলেন, “আমি নিজে যখন প্রথম এই উপজেলায় পোস্টিং নিয়ে আসি, তখন গুগল সার্চ করে বিভিন্ন তথ্য জেনেছিলাম। এখন থেকে ‘মাই নালিতাবাড়ী’র মাধ্যমে স্থানীয় ও বহিরাগত যে কেউ এক প্ল্যাটফর্ম থেকেই নির্ভুল তথ্য পাবেন। স্থানীয় পরিচিতি বৃদ্ধি ও সমন্বিত ডিজিটাল সেবা সম্প্রসারণে এটি অত্যন্ত প্রসংশনীয় উদ্যোগ।”

​উদ্বোধনী অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক বিপ্লব দে কেটু, সদস্য সচিব সাইফুল ইসলাম, উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাবৃন্দ এবং ইয়ুথ অর্গানাইজেশনের তরুণ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।