শিমগাছ খাওয়া ও ড্রেন নির্মাণে কথা কাটাকাটি, প্রাণনাশের হুমকির অভিযোগ
আনিছুর রহমান আইয়ুব, জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে শিমগাছ খাওয়া ও ফসলি জমিতে পানির ড্রেন নির্মাণকে কেন্দ্র করে ভাই-ভাতিজাদের দ্বন্দ্বে একটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। উপজেলার বালিজুড়ী ইউনিয়নের নামা তারতাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মো. আঃ রাজ্জাক (৫৫) তাঁর আপন ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিরোধের সূত্রপাত ও অবরুদ্ধ পরিবার
অভিযোগ সূত্রে জানা গেছে, নামা তারতাপাড়া গ্রামের মৃত জালাল আকন্দের ছেলে আঃ রাজ্জাকের সঙ্গে তাঁর ভাই ও ভাতিজাদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ২৯ মার্চ (রবিবার) সকালে গরুর শিমগাছ খাওয়া এবং ফসলি জমির ভেতর দিয়ে জোরপূর্বক ড্রেন নির্মাণ নিয়ে কথা কাটাকাটির জেরে বিরোধ চরম আকার ধারণ করে। ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা প্রভাবশালী ও উশৃঙ্খল হওয়ায় তাঁর পরিবারকে বর্তমানে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং গবাদি পশু বের করার রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রাণনাশের হুমকি ও হামলার অভিযোগ

আঃ রাজ্জাক জানান, গত ২৭ মার্চ বিকেলে বিবাদীগণ দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে চড়াও হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত মোঃ উজ্জ্বল প্রকাশ্যে তাকে গালিগালাজ করেন এবং “এক কোটি টাকা খরচ করে হলেও খুন করে লাশ গুম করার” হুমকি দেন। স্থানীয়রা এগিয়ে এলে সে যাত্রায় বড় কোনো সহিংসতা না ঘটলেও বিবাদীগণ প্রতিনিয়ত হত্যার ষড়যন্ত্র করছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
সালিশি বৈঠক অমান্য ও মাদক সংশ্লিষ্টতা
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার সালিশি বৈঠক ডাকলেও অভিযুক্তরা তা অমান্য করে আরও বেপরোয়া হয়ে ওঠে। এলাকাবাসীর অভিযোগ, বিবাদীগণ মাদক সেবন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় সাধারণ মানুষ তাঁদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। তবে প্রধান অভিযুক্ত মোঃ উজ্জ্বল মিয়া তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
পুলিশি পদক্ষেপ
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” বর্তমানে ভুক্তভোগী কৃষক আঃ রাজ্জাক তাঁর জানমালের নিরাপত্তা চেয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
