শিক্ষার ধরন বদলে দেবে এআই, জানালেন সালমান খান

সালমান খানসালমান খানের লিংকডইন প্রোফাইল থেকে নেওয়া
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৫৪
ই-লার্নিংয়ের পথিকৃৎ অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম খান একাডেমির প্রতিষ্ঠাতা, বাংলাদেশি বংশোদ্ভূত সালমান (স্যাল) আমিন খান জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষার ধরন বদলে দিতে পারে। তাঁর মতে, এআই কখনোই শিক্ষকের বিকল্প নয়, তবে সঠিকভাবে ব্যবহার করা গেলে এটি শিক্ষার সবচেয়ে কার্যকর হাতিয়ার হতে পারে। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক মার্কিন ওয়েবসাইট দ্য ভার্জের ডিকোডার পডকাস্টে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
শিক্ষায় এআইয়ের সম্ভাবনা ও বৈষম্য দূরীকরণ
পডকাস্টে সালমান খান শিক্ষাক্ষেত্রে এআইয়ের ঝুঁকি, সম্ভাবনা ও ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত কথা বলেন। তিনি জানান, এআই-নির্ভর টুল প্রচলিত শিক্ষাপদ্ধতির তুলনায় শিক্ষার্থীদের শেখার ঘাটতি পূরণে অনেক বেশি কার্যকর। বিশেষ করে যেসব এলাকায় মানসম্পন্ন শিক্ষকের অভাব রয়েছে, সেখানে এআই বড় ধরনের সহায়তা করতে পারে।
তিনি আরও বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যক্তিগত শিক্ষকের সুবিধা কেবল সচ্ছল পরিবারের শিক্ষার্থীরা ভোগ করেছে। এআই সে বৈষম্য দূর করতে পারে। যদি মানসম্পন্ন ব্যক্তিগত শিক্ষকের সহায়তা সবার কাছে পৌঁছানো যায়, তাহলে দীর্ঘদিনের শিক্ষাগত বৈষম্য অনেকটাই কমে আসবে।
‘খানমিগো’ ও ‘স্কুলহাউস’ মডেলের গুরুত্ব
অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় খান একাডেমি এরই মধ্যে বৃহৎ ভাষা মডেলনির্ভর এআই টিউটর ‘খানমিগো’ পরীক্ষামূলকভাবে চালু করেছে। এটি শিক্ষার্থীদের কাজের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় এবং ব্যক্তিগত শিক্ষকের মতো সহায়তা করে। সালমান খান বলেন, “আমরা এআইকে এমন এক হাতিয়ার হিসেবে দেখি, যা সবাইকে সমানভাবে সুযোগ দেবে। এটি কখনোই বিলাসপণ্য হতে পারে না।”
অনলাইন শিক্ষার নতুন মডেল হিসেবে তিনি খান একাডেমির প্ল্যাটফর্ম ‘স্কুলহাউস’–এর কথা উল্লেখ করেন, যেখানে শিক্ষার্থীরা একে অপরকে শেখার পাশাপাশি এআইয়ের সহায়তাও পাচ্ছে। ভবিষ্যতে স্কুলহাউস মডেল সরাসরি শ্রেণিকক্ষ ও অনলাইন শিক্ষার সমন্বয়ে শিক্ষাগত বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শিক্ষকদের জন্য এআই এবং এর ঝুঁকি
সালমান খানের মতে, বিশ্বজুড়ে মানসম্পন্ন শিক্ষা সহজলভ্য করার বড় সুযোগ তৈরি করছে এআই। তিনি জানান, যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেটের কিছু বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে এআই ল্যাব চালু হয়েছে, যেখানে শিক্ষকেরা শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী পাঠ্যক্রম সাজাচ্ছেন। তবে এটি সফল করতে শিক্ষকদের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। কারণ, শিক্ষকেরা এআইকে নিজেদের দক্ষতা বাড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে শিক্ষায় এআই ব্যবহারের কিছু শঙ্কাও রয়েছে। অনেক শিক্ষক আশঙ্কা করছেন, এতে তাঁদের দক্ষতা কমে যেতে পারে, মানবিক যোগাযোগ হ্রাস পেতে পারে কিংবা ভালো অবকাঠামোসম্পন্ন ও পিছিয়ে থাকা প্রতিষ্ঠানের মধ্যে ব্যবধান আরও বেড়ে যেতে পারে। (https://podcasts.voxmedia.com/show/decoder-with-nilay-patel
