যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় চরফকিরা ১৬ নম্বর স্লুইজগেট মুক্তিযোদ্ধা গণকবর এলাকায় অবস্থিত শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও কবর জিয়ারত করা হয়।

স্মৃতিচারণ ও আলোচনা সভা

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার এবং কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম।

বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে সংঘটিত বর্বর গণহত্যার স্মৃতিচারণ করে বলেন, “মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে, যাতে তারা দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে।”

উপস্থিতি ও কর্মসূচি

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিবসের কর্মসূচির অংশ হিসেবে প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে ২৫ মার্চের ভয়াল গণহত্যার ইতিহাস তুলে ধরা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *