মৎস্য সম্পদ রক্ষায় কঠোর পদক্ষেপ নেবে সরকার: ফরিদা আখতার

স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) :দেশের মূল্যবান মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে মাছের অতিআহরণ নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় বিধিবদ্ধ (Regulatory) পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, কারেন্ট জাল ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে সমুদ্র এবং উপকূলে মাছের অতিআহরণ ঘটছে, যা মৎস্য সম্পদকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ফরিদা আখতার দেশের উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “একসময় দেশের ৬০ শতাংশ মাছ আসত মুক্ত জলাশয় থেকে, যা এখন ৪০ শতাংশে নেমে এসেছে। পানি দূষণ, ভরাট এবং অনিয়ন্ত্রিত পর্যটন মাছের প্রজনন ক্ষেত্র নষ্ট করছে।” ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান ধরে রাখতে এবং হালদা নদীর মাছের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি আদায়ে গবেষণার উপরও জোর দেন তিনি।
কর্মশালায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, “মৎস্য বিজ্ঞানীরা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তারা পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাচ্ছেন না। তাদের সুযোগ নিশ্চিত করা গেলে তারা নতুন জাত উদ্ভাবনে আরও অনুপ্রাণিত হবেন।”
বিএফআরআই-এর মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ফারাহ্ শাম্মী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ড. রফিকুল ইসলাম সরদার এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবদুর রউফ।
