নান্দাইলে নিখোঁজ প্রবাসী খুন, মাদক ব্যবসায়ীদের দিকে অভিযোগের আঙুল

ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজ হওয়ার তিন দিন পর আলমগীর হোসেন আলীম (৩৩) নামে এক সৌদি প্রবাসীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সংগ্রামকেলি বাজারের কাছে একটি বাঁশঝাড়ের নিচ থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। দুর্গন্ধ এবং শিয়াল ও কুকুরের অস্বাভাবিক ঝগড়ার সূত্র ধরে স্থানীয়রা লাশটির সন্ধান পায়।
নিহত আলমগীর উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামকালী গ্রামের আবুল কালামের পুত্র। তিনি সম্প্রতি সৌদি আরব থেকে ছুটিতে দেশে ফিরেছিলেন। গত ২৪ সেপ্টেম্বর রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
নিহতের পরিবারের অভিযোগ, এলাকার প্রভাবশালী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণেই আলমগীরকে হত্যা করা হয়েছে। তার মা মনোয়ারা বেগম জানান, স্থানীয় কয়েকজন মাদক কারবারি আলমগীরকে হত্যার হুমকি দিয়ে আসছিল এবং প্রায় ১৫ দিন আগে তাকে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টাও করেছিল।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”
