স্টাফ রিপোর্টার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা এক গাড়ির ধাক্কায় মো. আসলাম হোসেন (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ভূইচিত্র এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আসলাম হোসেন ঢাকার মুগদা এলাকার মো. বারেক হোসেনের ছেলে।
দুর্ঘটনা ও উদ্ধার কার্যক্রম
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক আসলাম নিয়ন্ত্রণ হারিয়ে রাজপথে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ধাক্কা দেওয়া অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।