ময়মনসিংহে রিকশা ছিনতাই: বাইপাস সড়কে চালকের মরদেহ উদ্ধার

ছবি:সংগৃহীত

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ

ময়মনসিংহ নগরীতে চালকের গলা কেটে নির্মমভাবে রিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে নগরের ভাটিবাড়েরা এলাকার বাইপাস সড়ক থেকে নিহত রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত চালকের নাম মাসুদ মিয়া (৩৮)। তিনি ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান এলাকার খোরশেদ আলীর ছেলে।

যেভাবে ঘটল হত্যাকাণ্ড

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল বিকেল ৪টার দিকে মাসুদ মিয়া ময়মনসিংহ শহরের আকুয়া এলাকার একটি গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হন। রাত সাড়ে ১০টার দিকে নগরের ভাটিবাড়েরা এলাকার বাইপাস সড়কে তাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন জানান, দুর্বৃত্তরা মাসুদ মিয়াকে ভাটিবাড়েরা এলাকার বাইপাস সড়ক থেকে নটরডেম কলেজ সড়কের পাশের নির্জন স্থানে নিয়ে হত্যা করে রিকশা নিয়ে পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, রক্তাক্ত অবস্থায় মাসুদ দৌড়ে বাইপাস সড়কে এসে পড়ে যান এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর রাতেই সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল ও হাসপাতালের মর্গ থেকে আলামত সংগ্রহ করেন। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *