স্টাফ রিপোর্টার

‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক) ও গণপূর্ত বিভাগের যৌথ উদ্যোগে সোমবার (৫ অক্টোবর) সকালে এই কর্মসূচি পালিত হয়।
র্যালি ও আলোচনা সভা
সোমবার সকালে নগরীর কাচিঝুলি এলাকার প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যাতে নগরীর বিভিন্ন স্তরের পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণপূর্ত কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সিটি করপোরেশন ও উন্নয়ন কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় ময়মনসিংহকে একটি সুন্দর, পরিকল্পিত ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে। নতুন প্রজন্মকে একটি মাদক ও সন্ত্রাসমুক্ত সুন্দর সমাজ উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পরিকল্পিত নগরায়ণ ও ভবনের অনুমোদন প্রসঙ্গে মউক চেয়ারম্যান
সভাপতির বক্তব্যে মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই শহরকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে কাজ শুরু হয়েছে। ভবন নির্মাণের সকল নীতিমালা ও বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করে নকশা অনুমোদন দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, মঙ্গলবার বিসি (Building Construction) কমিটির সভার মাধ্যমে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে প্রথম ব্যাচে ভবনগুলোর অনুমোদন প্রদান করবে।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাছুম প্রধান, তথ্য পরিচালক মীর আকরাম উদ্দিন আহাম্মদ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুকু, সিনিয়র সহসভাপতি রুহুল আমিন এবং ব্যবসায়ী নেতা মনসুর আলম চন্দন প্রমুখ। বক্তারা সুপরিকল্পিত নগরায়ণ, আধুনিক ভূমি ব্যবহার এবং নাগরিকদের নিরাপদ আবাসন নিশ্চিত করার ওপর বিস্তারিত আলোকপাত করেন।