ময়মনসিংহে বিভাগীয় সমন্বয় সভা: ডেঙ্গু ও হাতি নিয়ে সতর্কতা
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানে বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত।
ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের তৎপরতা
সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, মশা নিধনে ৩৩টি ওয়ার্ডেই বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ চলছে। লার্ভিসাইড ও এডাল্টিসাইড ছিটানোর পাশাপাশি সচেতনতামূলক মাইকিং অব্যাহত রয়েছে। ফলে নগরীতে ডেঙ্গুর প্রকোপ অনেকটা কমে এসেছে। এছাড়া যানজট নিরসন ও অবৈধ অটো-রিকশা উচ্ছেদে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি জানান, সমন্বিত উদ্যোগের ফলে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি এখন নিম্নমুখী, তবে চলতি বছর বিভাগে ২৯ জনের মৃত্যু হয়েছে।
কৃষিতে নতুন সম্ভাবনা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি সভায় জানান, এ বিভাগে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান চাষ হয়েছে এবং শতভাগ ফসল কর্তন সম্পন্ন হয়েছে। এছাড়া সরিষা ও ভুট্টা চাষে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। বর্তমানে বিভাগীয় কৃষি বিভাগ ‘নিরাপদ খাদ্য উৎপাদন’ এবং ‘উন্নত কৃষি অনুশীলন’ পদ্ধতির ওপর জোর দিচ্ছে।
বন্য হাতির উৎপাত ও সচেতনতা
বিভাগীয় বন কর্মকর্তা সভায় একটি উদ্বেগের বিষয় তুলে ধরেন। তিনি জানান, ময়মনসিংহ ও শেরপুরের গারো পাহাড়ে বন্য হাতির উৎপাত বেড়েছে। সম্প্রতি হাতির কাছাকাছি গিয়ে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বন্য প্রাণীকে বিরক্ত না করতে এবং এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকতে তিনি সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানান।
সভাপতির নির্দেশনা
সভাপতির বক্তব্যে কাজী জিয়াউল বাসেত বলেন, “ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকতে হবে। এছাড়া বন্য হাতি নিয়ে অযথা কৌতূহল পরিহার করতে হবে।” তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিজ নিজ দায়িত্ব পালনে গতিশীল হওয়ার নির্দেশনা দেন এবং একটি নাগরিক বান্ধব বিভাগ ও নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় সভায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসকদের প্রতিনিধি এবং বিভাগীয় বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
