ময়মনসিংহে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী (সাঃ) মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর সুমহান আদর্শ ও জীবনের নানা দিক নিয়ে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর জেলা পরিষদ মিলনায়তনে ধর্মীয় এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রে সফলতা অর্জনে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর দেখানো পথই একমাত্র আদর্শ। ইনসাফভিত্তিক সমাজ গঠনে রাসুল (সাঃ)-এর জীবন দর্শন অনুসরণের কোনো বিকল্প নেই।
সভাপতি ও নেতৃবৃন্দের উপস্থিতি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার আমীর মাওলানা কামরুল আহসান এমরুল-এর সভাপতিত্বে মাহফিলে মহানগর ও জেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিশিষ্ট ওলামায়ে কেরাম এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ নাগরিক উপস্থিত ছিলেন।
সীরাত মাহফিল শেষে বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।


