মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঐতিহাসিক তেলিখালী স্মৃতিসৌধ চত্বরে যথাযোগ্য মর্যাদায় ‘ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস-২০২৬’ পালিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা ও স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়।
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা
হালুয়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং ধোবাউড়া উপজেলার নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। এছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে তেলিখালীর ঐতিহাসিক যুদ্ধের বীরত্বপূর্ণ অধ্যায় ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও গৌরবোজ্জ্বল ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বিশেষ আইনশৃঙ্খলা সভা
ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস পালনের পাশাপাশি একই দিনে হালুয়াঘাট উপজেলা পরিষদ কনফারেন্স রুমে একটি বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি তা আরও উন্নত ও সুরক্ষিত রাখতে বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।