ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৫টি বসতঘর; ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির দাবি
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘরসহ ৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে মূল্যবান মালামাল ও নগদ অর্থ পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
ভোরে আগুনের তাণ্ডব
রবিবার (৮ মার্চ) ভোরে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মালি বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হঠাৎ বসতঘরে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পাশাপাশি নিজেরাও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
ফায়ার সার্ভিসের তৎপরতা ও ক্ষয়ক্ষতি
খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তার আগেই আবু নাছের, আবদুল্লাহ আল নোমান ও সবিতা রাণীর তিনটি বসতঘর এবং দুটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।
আগুনের কারণ নিয়ে ফায়ার সার্ভিস
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা উত্তম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।
