আলেয়া মান্নান

বাবার সাথে হাটে যাচ্ছি,
চুপিচুপি ইশারায় সখীদেরও ডাকছি।
যাবার পথে মনে মনে খুব আনন্দ পাচ্ছি,
কত কিছু কিনবো হাটে, তাই যেন ভাবছি!
মাঝে মাঝে পিছু ফিরে চেয়ে দেখি বাড়ি,
সামনে দেখি গণেশ্বরী নদী, দিতে হবে পাড়ি।
নদী পারের জন্য আমরা জমা দিলাম কড়ি,
ওমনি দেখি মাঝি ভাই নৌকা দিলো ছাড়ি।
ও মাঝি ভাই শুনছো নাকি? এদিক ফিরে চাও,
বাবার সাথে হাটে যাবো, ওপার নিয়ে যাও।
খেলনা পুতুল কিনবো আমি,
হাট থেকে ফিরবো যখন, দেখে নিও তুমি।
রঙ-বেরঙের কিনবো গাড়ি, আরও কিনবো ঘড়ি,
বোনের জন্য রঙিন জামা, কিনবো ফিতা-চুড়ি।
ভাইয়ের জন্য খেলনা কিনবো, খাবার নেবো মুড়ি,
সবার শেষে মায়ের জন্য কিনবো একটি শাড়ি।
ও মাঝি ভাই বলি তোমায়, পার করিয়া দাও—
তোমার জন্যও নিয়ে আসবো, যদি কিছু চাও!