ফুলবাড়ীতে দৃষ্টিনন্দন ঘগোয়ার পাড় মিনার মসজিদের উদ্বোধন
মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ঘগোয়ার পাড় এলাকায় নবনির্মিত ‘ঘগোয়ার পাড় মিনার মসজিদ’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজের আগে ফলক উন্মোচনের মাধ্যমে এই ধর্মীয় প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথিবৃন্দ
দুপুর সাড়ে ১২টায় নবনির্মিত মসজিদ ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি ও মেঘবাড়ি হাউজিংয়ের চেয়ারম্যান এমদাদুল হক। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাইয়ের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদের ইমাম আবু মূসা। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক, আবু তালেব মিয়া প্রমুখ।

মসজিদ কমিটির আহ্বান
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকায় একটি সুন্দর ইবাদতখানা হওয়ার ফলে স্থানীয় মুসল্লিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। তবে মসজিদের কিছু কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। নবনির্মিত এই ভবনের অবশিষ্ট নির্মাণ কাজ দ্রুত সম্পাদনের জন্য এলাকার বিত্তবান ও সাধারণ মুসল্লিদের সামর্থ্য অনুযায়ী মুক্তহস্তে দান করার জন্য বিশেষ আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে মসজিদের সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে স্থানীয় কয়েকশ মুসল্লি অংশগ্রহণ করেন।
