​প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনাসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে আরও ৬ জনের সাক্ষ্যগ্রহণ

শেখ হাসিনাফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৩৮

​রাজধানীর পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা তিনটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আরও ছয়জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আবদুল্লাহ আল মামুন এই সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করেন।

​আজ যারা আদালতে সাক্ষ্য দিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন সোনালী ব্যাংকের গণভবন শাখার জ্যেষ্ঠ প্রিন্সিপাল অফিসার গৌতম কুমার সিকদার ও প্রিন্সিপাল অফিসার শরিফুল ইসলাম। এছাড়াও ছিলেন কর অঞ্চল-৬-এর কর পরিদর্শক লুৎফর রহমান, কম্পিউটার অপারেটর রেজাউল হক, নোটিশ সার্ভার আবু তাহের এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস সহায়ক দেলোয়ার হোসেন

​দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মো. মইনুল হোসেন জানিয়েছেন, এই মামলায় এখন পর্যন্ত শেখ হাসিনা, তাঁর ছেলে জয় এবং মেয়ে পুতুলের বিরুদ্ধে মোট ১৩ জন সাক্ষ্য দিয়েছেন। আদালত আগামী ১৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। এর আগে গত ২৬ আগস্ট আরও সাতজন এই মামলায় সাক্ষ্য দিয়েছিলেন।

​দুদকের পক্ষ থেকে শেখ হাসিনা, জয় এবং পুতুলের বিরুদ্ধে গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউকের বিভিন্ন কাগজপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা ছয়টি পৃথক মামলায় গত ৩১ জুলাই শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যসহ মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

​মামলায় শেখ হাসিনার পরিবারের অন্যান্য অভিযুক্ত সদস্যরা হলেন: বোন শেখ রেহানা, ভাগনি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ভাগনে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি)। এছাড়াও, তৎকালীন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ আরও ১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।

​দুদক ২০২৪ সালের ২৬ ডিসেম্বর এই প্লট দুর্নীতির বিষয়ে অনুসন্ধান শুরু করে এবং গত ১০ মার্চ ছয়টি মামলায় অভিযোগপত্রের অনুমোদন দেয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *