নোয়াখালী-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জয়নুল ফারুক

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত কাণ্ডারি হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক

মনোনয়ন চূড়ান্ত হওয়ার খবর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়ন পত্রের মূল কপি বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জয়নুল আবদীন ফারুকের হাতে পৌঁছায়। যদিও গত ২০ ডিসেম্বরই মনোনয়নপত্রটি স্বাক্ষরিত হয়েছিল। বুধবার দুপুরে চিঠির কপিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও আনন্দ সৃষ্টি হয়।

তৃণমূলের প্রতিক্রিয়া

সেনবাগ ও সোনাইমুড়ী বিএনপির রাজনীতিতে প্রভাবশালী নেতা জয়নুল আবদীন ফারুকের মনোনয়ন পাওয়ার খবরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে তাঁকে অভিনন্দন জানিয়ে পোস্ট করতে দেখা যায়। অনেক এলাকায় মিষ্টি বিতরণের খবরও পাওয়া গেছে।

কৃতজ্ঞতা ও প্রতিক্রিয়া

মনোনয়ন প্রাপ্তির পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় জয়নুল আবদীন ফারুক সাংবাদিকদের বলেন, “বিগত পাঁচ বারের মতো আমার ওপর আস্থা রাখায় গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি এই আসন থেকে বারবার নির্বাচিত হয়ে মানুষের সেবা করেছি, এবারও ধানের শীষের বিজয় নিশ্চিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আরও শক্তিশালী করব।” তিনি বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, জয়নুল আবদীন ফারুক এই আসন থেকে বারবার এমপি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। এবারও তাঁর মনোনয়ন প্রাপ্তিকে রাজনৈতিক বিশ্লেষকরা বিএনপির একটি কৌশলী ও শক্তিশালী পদক্ষেপ হিসেবে দেখছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *