​নুরাল পাগলার দরবারে হামলা: আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা দেখছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।ছবি: ফেসবুক থেকে নেওয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২: ০৪

​রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফে হামলা, ভাঙচুর ও লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই ‘মব সন্ত্রাসের’ বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে জড়িত প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে তারা।

​শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনসিপি এই দাবি জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যম সূত্রে জানা গেছে যে, রাজবাড়ীর গোয়ালন্দে ‘ইমান-আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে আয়োজিত সমাবেশ থেকে কিছু লোক মাজারের দিকে অগ্রসর হয় এবং সেখানেই তারা মাজার ভাঙচুর ও লাশ পুড়িয়ে দেওয়ার মতো জঘন্য ঘটনা ঘটায়।

​বিবৃতিতে আরও বলা হয়, ‘ইমান-আকিদা রক্ষা কমিটি’ মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা এবং স্থানীয় আলেম-সমাজের সমন্বয়ে গঠিত। কমিটি গত মঙ্গলবার নুরুল হককে শরিয়ত পরিপন্থী কায়দায় পবিত্র কাবা শরিফের আদলে কালো রঙের ঘরে কবরস্থ করা হয়েছে দাবি করে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভের ঘোষণা দিয়েছিল। এ ঘটনায় সহিংসতার আশঙ্কা থাকলেও প্রশাসন তিন দিনেও এর কোনো সঠিক সুরাহা করতে ব্যর্থ হয়েছে। এ ঘটনায় প্রশাসনের ব্যর্থতা এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ের দায়িত্বহীনতা অত্যন্ত উদ্বেগজনক।

​এনসিপির বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের বর্বর ঘটনা শুধু একটি ফৌজদারি অপরাধই নয়, বরং এটি আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধেরও পরিপন্থী। তারা আরও গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি একটি গোষ্ঠী নানাভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

​এই ধরনের ঘটনার মধ্য দিয়ে দেশে নতুন করে অস্থিরতা তৈরি হচ্ছে এবং ফ্যাসিবাদী শক্তির ফিরে আসার সুযোগ তৈরি হতে পারে বলে এনসিপি আশঙ্কা প্রকাশ করেছে। তাই এ বিষয়ে নাগরিকদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *