রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঐতিহ্যবাহী নাসিরাবাদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ‘তারুণ্যের মেলা’ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কলেজ ভবনের ৪র্থ তলায় আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে এ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভা ও অতিথিবৃন্দের বক্তব্য
মেলা উপলক্ষে আয়োজিত প্রথম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরাবাদ কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলী। তিনি তরুণ শিক্ষার্থীদের মেধা ও গঠনমূলক সৃজনশীলতা চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরাবাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান আকন্দ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ জাবির হোসেন।
সাংস্কৃতিক পরিবেশনা ও সমাপনী
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাসিরাবাদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রাবিয়া সুলতানা বিথী।
আলোচনা পর্ব শেষে মেলার দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কবিতা আবৃত্তি, গান ও একক অভিনয় পরিবেশন করেন বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
