নাসিরাবাদ কলেজে ফুটবল টুর্নামেন্টে হিসাববিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন
রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ঐতিহ্যবাহী নাসিরাবাদ কলেজে অনুষ্ঠিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হিসাববিজ্ঞান বিভাগ। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে কলেজ মাঠে এই উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলার ফলাফল
নির্ধারিত ৬০ মিনিটের খেলায় হিসাববিজ্ঞান বিভাগ ও বাংলা বিভাগের মধ্যে ১-১ গোলে সমতা বিরাজ করায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে বাংলা বিভাগকে পরাজিত করে শিরোপা জিতে নেয় হিসাববিজ্ঞান বিভাগের খেলোয়াড়রা।
পুরস্কার বিতরণী ও অতিথি
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাসিরাবাদ কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলী এবং কলেজের অধ্যক্ষ আহমেদ শফিক।
ফাইনালে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন হিসাববিজ্ঞান বিভাগের রিয়াজ উদ্দিন এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন বাংলা বিভাগের সাদ্দাম হোসেন।
প্রধান অতিথির বক্তব্য
অধ্যাপক শেখ আমজাদ আলী তাঁর বক্তব্যে বলেন, “মাঠের খেলোয়াড়রা কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না। যারা নিয়মিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করবে, তারা ভবিষ্যতে সফল হয়ে দেশের সম্মান বয়ে আনবে। কলেজের অধ্যক্ষের দক্ষ নেতৃত্বে এই প্রতিষ্ঠানটি উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে।”
উপস্থিতিবৃন্দ
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের ক্রীড়া কমিটির আহ্বায়ক ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ লুৎফর রহমান আকন্দ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ রাজন পারভেজ, মোঃ মোকাম্মেল হোসেন বাবলুসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা। পুরো টুর্নামেন্টটি পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষক মোঃ রাকিবুল হাসান। উল্লেখ্য, টুর্নামেন্টে কলেজের বিভিন্ন বিভাগের মোট ১৬টি দল অংশগ্রহণ করেছিল।
