
ইরফান পাঠান ও মহেন্দ্র সিং ধোনিবিসিসিআই
খেলা ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২০: ২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎই ট্রেন্ডিংয়ে ‘হুঁকা’। বিশেষ করে ভারতীয় সমর্থকদের মধ্যে। ‘ধোনি’ ও ‘হুঁকা’—এই দুটি কিওয়ার্ড ধরে সার্চ করলেই শত শত ভিডিও, ছবি ও মিম সামনে চলে আসছে। কোথাও ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি হুঁকা টানছেন, কোথাও অন্যরা টানছেন, কিন্তু ধোনির নাম ক্যাপশনে। এ ছাড়া নানা রসাত্মক কথায় মিমস তো আছেই।
ধোনিকে কখনো প্রকাশ্যে হুঁকা টানতে না দেখা গেলেও হঠাৎ এমন কী হলো যে ‘ধোনি’ ও ‘হুঁকা’ ট্রেন্ডিং হয়ে গেল? খোঁজাখুঁজি করতে গিয়ে সামনে এল ভারতের আরেক সাবেক ক্রিকেটার ইরফান পাঠানের নাম। মূলত, পাঁচ বছর আগে দেওয়া তাঁর একটি সাক্ষাৎকারের অংশ সম্প্রতি ছড়িয়ে পড়েছে। সেখানে এই অলরাউন্ডারের একটি মন্তব্যের কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে ধোনি আর হুঁকা—দুটোই ট্রেন্ডিংয়ে।
পাঠান ভারতের হয়ে ২৯ টেস্ট, ২৪ টি-টোয়েন্টি ও ১২০টি ওয়ানডে খেলেছেন। তাঁকে ভারতের জার্সিতে সর্বশেষ দেখা গেছে ২০১২ সালে, যদিও আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন ২০২০-এ। ইরফানের ক্যারিয়ার যখন শুরু হয়, তখন ভারত একজন পেস বোলিং অলরাউন্ডার খুঁজছিল। অনেকেই তাঁকে ভারতের কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের উত্তরসূরি ভাবতেন।
২০০৩-০৪ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইরফানের আন্তর্জাতিক অভিষেক। ওই সফরে তিনি অ্যাডাম গিলক্রিস্ট ও স্টিভ ওয়াহর মতো বড় খেলোয়াড়দের আউট করেন। এরপর পাকিস্তানেও ছিলেন ছন্দে, ৩ টেস্টে নেন ১২ উইকেট। ২০০৬ সালে ইরফান পাকিস্তানের বিপক্ষে টেস্টে হ্যাটট্রিক করেন, যা তখন পর্যন্ত ভারতীয়দের মধ্যে মাত্র দ্বিতীয়।
