দুর্গাপূজার আগে ৫ দফা দাবি জানাল সম্মিলিত সনাতনী জোট

নিজস্ব প্রতিবেদক

ঢাকা

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২: ২৮

ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে আজ সংবাদ সম্মেলন করে সম্মিলিত সনাতনী জোট। ঢাকা, ২৩ সেপ্টেম্বর ছবি: 

শারদীয় দুর্গাপূজার আগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তিসহ মোট পাঁচটি দাবি জানিয়েছে সম্মিলিত সনাতনী জোট। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তাঁরা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের প্রতিনিধি প্রদীপ কান্তি দে এবং প্রসেনজিত হালদার

জোটের প্রধান ৫টি দাবি

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যে পাঁচটি দাবি জানানো হয়েছে, সেগুলো হলো:

  • ১. চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ সম্মিলিত সনাতনী জোটের সব কারাবন্দীর নিঃশর্তে মুক্তি দিতে হবে।
  • ২. এবার শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন করতে পারা নিশ্চিত করতে হবে।
  • ৩. ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।
  • ৪. দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করতে হবে।
  • ৫. বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে সনাতনী সম্প্রদায়কে সব ক্ষেত্রে অন্তর্ভুক্ত করতে হবে।

​এ ছাড়া, তারা এর আগে অন্তর্বতী সরকারের কাছে পেশ করা জোটের আট দফা দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ করারও দাবি জানান।

সম্প্রদায়ের শঙ্কা ও সরকারের প্রতি আহ্বান

​লিখিত বক্তব্যে বলা হয়, দেশে শান্তিপূর্ণ সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে একশ্রেণির দুর্বৃত্ত। বিভিন্ন সময় সনাতনীসহ সব সংখ্যালঘুর ওপর নির্যাতন হলেও কোনো ঘটনার কোনো বিচার সংখ্যালঘু সম্প্রদায় পায়নি, যার কারণে ক্রমাগত দেশত্যাগের ফলে দেশ হিন্দুশূন্য হওয়ার পথে। এর কারণে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

​সংবাদ সম্মেলনে জোটের নেতারা বলেন, শারদীয় দুর্গাপূজা নিয়ে যে অনিরাপত্তা দেখা দিয়েছে, তাতে সনাতনী সম্প্রদায় শঙ্কিত। তারা সরকারের কাছে দ্রুত প্রধান উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *