তেলের বাজার তদারকি: লাইসেন্সবিহীন চালককে ৫০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের মজুত ও বিক্রয় কার্যক্রম তদারকি এবং ওভারলোডেড বালুবাহী ট্রাকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার (২৯ মার্চ) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বসুরহাট পৌরসভা এলাকার বিভিন্ন তেলের দোকানে ও সড়কে এই অভিযান চালানো হয়।

তেলের বাজারে প্রশাসনের কড়া নজরদারি

অভিযানকালে ‘ছিদ্দিক কমার্শিয়াল সিন্ডিকেট’ নামক একটি প্রতিষ্ঠান বন্ধ পাওয়া যায়। এছাড়া ‘তানিশা এন্টারপ্রাইজ’ এবং ‘মেসার্স কামাল মটরস’ প্রতিষ্ঠানে পেট্রোল, ডিজেল ও অকটেনের মজুত যাচাই করা হয়। এ সময় তানিশা এন্টারপ্রাইজে ৯৮০ লিটার ডিজেল ও ৯৩০ লিটার পেট্রোল এবং কামাল মটরসে ৮,১৭০ লিটার ডিজেল মজুত পাওয়া যায়। প্রশাসন থেকে সংশ্লিষ্টদের সতর্ক করে বলা হয়েছে, পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও তেল সরবরাহ না করলে বা কারসাজি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওভারলোডেড ট্রাক ও লাইসেন্সবিহীন চালককে জরিমানা

একই অভিযানে জেলায় ২২ টনের বেশি বালুবাহী ট্রাক চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করায় একটি ২৮ টনের ওভারলোডেড ট্রাক আটক করা হয়। ট্রাকটির চালক রিয়াদ ড্রাইভিং লাইসেন্সবিহীন হওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০’ অনুযায়ী তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। চালক তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।

যৌথ বাহিনীর সহযোগিতা ও জনস্বার্থ

মোবাইল কোর্ট পরিচালনাকালে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় আর্মি ক্যাম্পের সদস্যরা প্রশাসনিক আদেশে সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, তেলের বাজারে শৃঙ্খলা ফেরাতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এই ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *